রূপপুর প্রকল্পে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়।
এ নিয়ে রূপপুর প্রকল্পে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান পৌঁছাল।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের কথা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
মন্ত্রী আরও বলেন, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা এ পরীক্ষা চলবে। এ সময়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্টদের আশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কেন্দ্রটি নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

