logo

বান্দরবানে ৫০০ টাকার জন্য সংঘর্ষে এক ব্যক্তি নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বান্দরবানে ৫০০ টাকার জন্য সংঘর্ষে এক ব্যক্তি নিহত
প্রতিকী ছবি: সংগৃহীত

বান্দরবানে মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উচিংনু মার্মা (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত উচিংনু মার্মা বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ গুলশান এলাকার বাসিন্দা। তিনি থোয়াইনুচিং মার্মা এবং মৃত মেসাং প্রু মার্মার সন্তান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, নিউ গুলশান এলাকার অংসিং মার্মা ওরফে সেলিম ড্রাইভারের কাছে উচিংনু মার্মার ৫০০ টাকা পাওনা ছিল। ওই টাকা দাবি করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে বান্দরবান সদর থানার নিউ গুলশান এলাকার গির্জার সামনে দু'পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উচিংনু মার্মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ এশিয়া পোস্টকে বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।