logo
Advertisement

পূর্ববিরোধে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে গণধোলাই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ঝালকাঠি
পূর্ববিরোধে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে গণধোলাই
কাঁঠালিয়া থানা। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্ববিরোধের জেরে ইয়াছিন ঘরামী (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মো. সিফাত মুন্সি (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সিফাতকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ইয়াছিন ঘরামী দক্ষিণ চেঁচরী গ্রামের খোকন ঘরামীর ছেলে। অভিযুক্ত সিফাত মুন্সি একই এলাকার মো. অরুন মুন্সির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইয়াছিন ও সিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে এক নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী জমাদ্দার হাট বাজারে তাদের দেখা হলে পূর্বের বিরোধের জের ধরে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিফাত কাছে থাকা একটি ছুরি দিয়ে ইয়াছিনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

এদিকে ইয়াছিনকে ছুরিকাঘাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা অভিযুক্ত সিফাত মুন্সিকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিফাত মুন্সির নামে মামলা দায়েরের পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।