logo

৫ আগস্টের পর চাঁদাবাজির শিকার হলে অর্থ ফেরত দেওয়া হবে: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন

৫ আগস্টের পর চাঁদাবাজির শিকার হলে অর্থ ফেরত দেওয়া হবে: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, আমার নির্বাচনি এলাকায় ৫ আগস্টের পর কেউ চাঁদাবাজির শিকার হয়ে থাকলে তা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কাজী আলাউদ্দীন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবার জান-মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমার অগ্রাধিকার। তিনি দাবি করেন, আন্তর্জাতিক একটি জরিপে উঠে এসেছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৬৫টি আসনে এগিয়ে রয়েছে।

২০০১ সালের সংসদ নির্বাচনে জয়ী হয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মানুষ আমার সঙ্গে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করবেন বলে আশা করি।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অবহেলিত কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে।

জনসভায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন– উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, যুক্তরাজ্য যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

জনসভার শুরুতেই উৎসবমুখর পরিবেশে বিপুল নেতাকর্মী ও নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।