চিপসে নিষিদ্ধ ‘সাল্টু’ ও শিল্পলবণ, ফ্যাক্টরিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ ‘সাল্টু’ ও শিল্পকারখানার লবণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
মোহাম্মদ মেহেদী হাসান জানান, চিপস কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি হচ্ছিল। মানহীন ও বিষাক্ত উপকরণের পাশাপাশি ময়লাযুক্ত স্থানে তা শুকানো হচ্ছিল এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। এসব অনিয়মের দায় স্বীকার করায় কারখানার মালিক মোছাম্মৎ রুমীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বগুড়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।



