বিএনপি নির্বাচনের সময় নয়, ৩৬৫ দিনই জনগণের পাশে থাকে: পানিসম্পদমন্ত্রী

বিএনপি কোনো সাময়িক বা স্বার্থান্বেষী রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, বছরের ৩৬৫ দিনই মানুষের সুখে-দুঃখে পাশে থাকে। অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থাকবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী জিল্লুর রহিম কলেজ মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে অনৈতিকভাবে ভোটারদের প্রভাবিত করার রাজনীতির সমালোচনা করে তিনি আঞ্চলিক ভঙ্গিতে বলেন, ভোটের এক সপ্তাহ আগে যারা কোনো নির্দিষ্ট সুবিধা দিয়েছে, তাদের মতো আমরাও কিছু আইডি কার্ড আর পকেটে এক-দুই হাজার টাকা ঢুকিয়ে দিতে পারতাম। ভোটের দিনও তো কিছুটা প্রভাব ফেলা যেত, তাই না? কিন্তু না! বিএনপি এই ধরনের সস্তা ও অনৈতিক রাজনীতিতে বিন্দুমাত্র বিশ্বাসী নয়।
চিকিৎসা সেবার মতো সামাজিক ও মানবিক আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি এমন একটি বিশাল আয়োজনে প্যান্ডেল, চেয়ার-টেবিল, মাইক, খাবার ও পানির সংস্থানসহ অনেক খরচ থাকে। তবে মানুষের সেবামূলক এসব সামাজিক খরচ আর নির্বাচনের আগে ভোটারদের ভোট কেনার উদ্দেশ্যে টাকা ছিটানোর বিষয়টিকে কোনোভাবেই এক করে দেখার সুযোগ নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এখনও চলছে। তবে আমরা জানি, সব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করেই বিএনপি অতীতে বারবার দেশের দায়িত্ব পালন করেছে এবং সামনের দিকে এগিয়ে গেছে।
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে হবে। এজন্য আপনার ও আমার মূল দায়িত্ব হলো তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং সব ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া।
বিনামূল্যে স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে এ্যানি জানান, এলাকার মানুষের চিকিৎসায় যাবতীয় সহায়তা করা হবে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসকের সংস্থান করা হচ্ছে। স্থানীয়ভাবে সাধারণ চিকিৎসা তো হবেই, প্রয়োজনে গুরুতর রোগীদের ঢাকার বড় হাসপাতালেও বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে।
দিনব্যাপী এই সামাজিক কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শত শত মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


