logo

বিগত সরকারের ৫০ হাজার কোটি টাকার বকেয়া শোধ করতে হচ্ছে: অর্থমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বিগত সরকারের ৫০ হাজার কোটি টাকার বকেয়া শোধ করতে হচ্ছে: অর্থমন্ত্রী
চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী অমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

বিগত সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া বিল বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির এই চিত্র তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমরা বিগত সরকারের কাছ থেকে যা পেয়েছি, সেটা শুধুই ঋণাত্মক। কোনো যোগ চিহ্ন নেই, সবগুলো মাইনাস। পাওয়ার ও এনার্জি সেক্টরে তারা প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এখন আমাদের সেগুলো পরিশোধ করতে হচ্ছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবও অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে। ফলে বাজেট থেকে প্রায় ৪ বিলিয়ন ডলার (৪০ হাজার কোটি টাকা) চলে গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও সরকার সামাজিক সুরক্ষায় জোর দিচ্ছে।

আমির খসরু বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতা কাটাতে হতদরিদ্র রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে। তাদের বিল সরকার বহন করবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

অর্থনীতিকে মাইনাস অবস্থা থেকে টেনে তুলতে আরও সময় লাগবে জানিয়ে তিনি বলেন, অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে। আমরা প্রথমে এই সংকট থেকে বের হওয়ার চেষ্টা করছি, তারপর অর্থনীতি সামনের দিকে এগোবে।