logo
Advertisement

পানি চেয়ে দরজায় পাঁচ যুবক, ডাকাতির পর ছেলের সামনে মাকে ধর্ষণ

পানি চেয়ে দরজায় পাঁচ যুবক, ডাকাতির পর ছেলের সামনে মাকে ধর্ষণ
ধর্ষণ। প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ডাকাতির পর ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ঘটনার সময় ওই নারীর ভিডিও ধারণ করে অভিযুক্তরা। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় রাজিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাঁচ যুবক ওই প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে গিয়ে তার ১৪ বছর বয়সি ছেলের কাছে পানি চান। ওই কিশোর পানি নিয়ে দরজার কাছে এলে যুবকেরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করেন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে তারা ঘরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, অস্ত্রের মুখে পরিবারের ওই নারী সদস্যকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। এরপর ওই নারীকে তার ছেলের সামনে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে পরিবার।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। একই সঙ্গে ঘটনা কাউকে জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ডাকাতেরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চর কালিবাড়ি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।