Advertisement

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: প্রধান আসামি ফরিদ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: প্রধান আসামি ফরিদ গ্রেপ্তার
মো. ফরিদ। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় দুর্ঘটনায় পর্যটক অক্ষর সৌভিক রায়ের (৩১) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক।

গ্রেপ্তার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ (কক্সবাজার) ও র‍্যাব-৪ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়। অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ফরিদের অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।