ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মারা গেছেন

রাজশাহীর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মৃত্যুর তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
মোশাররফ হোসেন আখুঞ্জি ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। ভাষা আন্দোলনের সময় তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংগঠিত করা এবং সাধারণ মানুষকে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণের খবর রাজশাহীতে পৌঁছালে আন্দোলন আরও বেগবান হয়। ভাষাশহীদদের স্মরণে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের অন্যতম উদ্যোক্তা ছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। ওই স্মৃতিস্তম্ভকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়ে আসছিলেন তিনি।
ভাষা আন্দোলনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি। দীর্ঘ জীবনে ভাষা আন্দোলনের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন বিভিন্ন সময়ে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা ঘটনা নিয়ে তার স্মৃতিচারণ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।
রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান ‘এক নম্বর গদি ঘর’-এর সঙ্গেও দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল তার। নগরীর আরডিএ মার্কেট এলাকায় প্রতিষ্ঠানটি তার নামে পরিচিত ছিল।
জীবনের শেষ সময়েও বাংলা ভাষার যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সোচ্চার ছিলেন এই ভাষাসৈনিক।
এদিকে তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

