পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড় জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েক দিনের তুলনায় আবারও তাপমাত্রা কমেছে। দিনের বেলা গরম আবহাওয়া বিরাজ করলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সেই সঙ্গে নামতে শুরু করেছে কুয়াশা। ভোরে কখনও হালকা কুয়াশা থাকলেও অধিকাংশ দিন ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলার চারপাশ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার পরিমাণ কম ছিল। তবে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল বাতাসের তীব্রতা ছিল। স্থানীয়রা বলছেন, রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হওয়ায় প্রয়োজনের ক্ষেত্রে গরম কাপড় পরে বাইরে বের হতে হচ্ছে।
পঞ্চগড়ের তালমা বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ে। রাতে কম্বল ও কাঁথা ছাড়া ঘুমানো যায় না। একই সঙ্গে সকালে গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া মুশকিল হয়ে যাচ্ছে।
আরিফ হাসান বলেন, পঞ্চগড় জেলায় শীত নেমে গেছে। কোনো দিন ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে, আবার কোনো দিন কুয়াশা থাকছে হালকা। তবে দিনে কিছুটা গরম আবহাওয়া থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।
এ সময় কথা হয় আজিজুল নামে এক রিকশাচালক ও শহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে। তারা জানান, রাতে ও সকালে শীতের কাপড় ছাড়া গাড়ি চালানো যায় না। গাড়ি চালানোর সময় প্রচণ্ড ঠান্ডা বাতাস লাগে। এ কারণে জ্যাকেট পরে কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। এরই মধ্যে রোববার সকাল ৬টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল ৯টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগামীতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও জানান তিনি।