logo

ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের
কোনাবাড়ী থানা।

গাজীপুরের কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাকচাপায় রেখা রানী সূত্রধর (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেখা রানী সূত্রধর টাঙ্গাইল জেলার গোপালপুর থানার দক্ষিণ মান্দিয়া গ্রামের সোনাতন চন্দ্র সূত্রধরের স্ত্রী। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মমিনকে (৩৭) আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে রেখা রানী কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ছেলের বাসা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির গাজীপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা দ্রুত এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

নিহত বৃদ্ধার নাতি বাঁধন বলেন, ১৫ দিন আগে দাদু কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় আমাদের ভাড়াবাসায় বেড়াতে আসেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।