logo

বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি বিএসএফের

বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি বিএসএফের
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

তিনি জানান, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।