Advertisement

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী

এশিয়া পোস্ট নিউজ, যশোর
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী
ছবি : এশিয়া পোস্ট

ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধপথে ভারতে গিয়ে দীর্ঘ দিন কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।

Advertisement

বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে দুই দফায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে তাঁদের হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা নারীরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৪), নড়াইল জেলার পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পী খাতুন (২৬) এবং পাবনা জেলার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (২৬)।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বিউটি পার্লারে আকর্ষণীয় বেতনে কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাদের সীমান্তের অবৈধ পথ দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে পাচার করে। পরবর্তীতে তারা ভারতের বিভিন্ন শহরের বিউটি পার্লারে কাজ শুরু করেন।

রিয়া খাতুন মুম্বাই শহরের একটি বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানে তাকে ১ বছর ১ মাস কারাভোগ করতে হয়। অন্যদিকে শিল্পী খাতুন ও শিমলা খাতুন মহারাষ্ট্রের পুনে শহরের একটি বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়ে সেখানে ৮ মাস সাজা খাটেন।

সাজার মেয়াদ শেষে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আইনি প্রক্রিয়া ও চিঠি চালাচালির মাধ্যমে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। পরবর্তীতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার তাঁদের বাংলাদেশে ফেরত আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, দেশে ফেরত আনা তিন নারীকে নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-কে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের সংগঠনটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় :