Advertisement

বড় এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮২৫ টাকা

এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
বড় এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮২৫ টাকা
দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ মাছ। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়। এতে মাছটির মূল্য দাঁড়ায় ৬ হাজার ৮২৫ টাকা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি ফিশিং ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে।

মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে আনা হলে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুক হোসেন এটি কিনে নেন।

তিনি জানান, বড় আকৃতির ইলিশটি ঢাকার বাজারে পাঠানো হবে।

দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। ছবি: এশিয়া পোস্ট
দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। ছবি: এশিয়া পোস্ট

আড়তের ব্যবস্থাপক সগির আকন বলেন, বড় হওয়ায় মাছটি নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ ছিল বেশি। শেষ পর্যন্ত প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয় এবং মাছটির দাম ওঠে ৬ হাজার ৮২৫ টাকা।

জেলে দেলোয়ার মাঝি বলেন, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে বড় এই ইলিশটি ওঠে। তবে গত বছরের তুলনায় এবার বড় আকারের ইলিশের দেখা কম মিলছে। তারপরও এমন একটি মাছ পাওয়ায় তারা খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য ইতিবাচক খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ ধরা পড়ছে। পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।