সুনামগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

সুনামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবু হানিফা (৫৫) হালুয়ারগাও এলাকার মৃত ফিরোজ আলী ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু হানিফা ও তার ভাতিজা তামিম আহমেদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাচা-ভাতিজার মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়, এক পর্যায়ে ভাতিজা তামিম হাতের পাশে থাকা লাঠি দিয়ে চাচা আবু হানিফাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত আবু হানিফাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হালুয়ারগাঁও এলাকা থেকে আবু হানিফা নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ এশিয়া পোস্টকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।