logo

নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
নিহত ফারিয়া। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারিয়া নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া এলাকায় মেঘনা নদীর তীরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত ফারিয়া চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় ফারিয়া। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িতে খবর দেয়।

সংবাদ পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে সন্ধান চালাতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালালেও সেদিন শিশুটির কোনো সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সকালে ফকিরদিয়া এলাকায় নদীসংলগ্ন তীরে শিশুটির মরদেহ ভেসে উঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম।