১৯ সেপ্টেম্বর ফের গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ফের প্রকাশ্যে গণনা করা হবে। এ নিয়ে চতুর্থবারের মতো মাজারের দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল ৯টায় গণনা শুরু হওয়ার কথা রয়েছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ গণনা করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৯টায় দানবাক্স খোলা ও গণনার কাজ শুরু হবে।
এর আগে তিন দফায় মাজারের দানবাক্স ও মানতের ডেগ খুলে অর্থ গণনা করা হয়। প্রথম দফায় গত ২২ জুন দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এর সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত করা হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। ওই সময় স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়।
এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। তখন নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যসামগ্রী পাওয়া যায়।
সবশেষ গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খোলা হলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। তখনও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার পাওয়া যায়।
তিন দফায় প্রাপ্ত নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা। এসব অর্থ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।


