উঠানে খেলছিল দুই বোন, কিছুক্ষণ পর পুকুরে মিলল লাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সি মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের চার বছর বয়সি মেয়ে আফরিন আক্তার। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
এ বিষয়ে সাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য লাইজু আহমেদ বলেন, শিশু দুটির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন থাকা প্রয়োজন।
