logo

ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ল শিক্ষার্থীর মাথায়

ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ল শিক্ষার্থীর মাথায়

চাঁদপুরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান মাথায় পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থী এশা সূত্রধর (১৬) চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার খোকন সূত্রধরের মেয়ে। ঘটনার পরপরই শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সিলিং ফ্যানটি সরাসরি ছাত্রীর মাথায় পড়ায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্লাস চলাকালীন কোনো কিছু বুঝে ওঠার আগেই মাথার ওপর থেকে সচল ফ্যানটি ছিঁড়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেও এশা গুরুতর আহত হয়।

 অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ফ্যান ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন কাদির এশিয়া পোস্টকে জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন। শিক্ষার্থীর মাথায় পাখা পড়ে যাওয়ার ঘটনার পর তিনি বিদ্যালয়ের সব কক্ষ পরিদর্শন করেছেন। পরিদর্শনে যেসব কক্ষের ফ্যানের পাখা অকেজো পাওয়া গেছে, সেগুলো নতুন করে প্রতিস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।