logo

ঋণ করে মাছ চাষ, বিষ প্রয়োগে নিঃস্ব হওয়ার পথে চার বন্ধু

ঋণ করে মাছ চাষ, বিষ প্রয়োগে নিঃস্ব হওয়ার পথে চার বন্ধু
পুকুরে বিষ প্রয়োগে মরে ভেসে উঠেছে মাছ। ছবি: এশিয়া পোস্ট

নিজেদের জমানো টাকা ও ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন চার বন্ধু। কিন্তু এক রাতেই তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের কারণে পুকুরের পাঙ্গাস, মাগুর ও গুলশা মাছ মরে ভেসে উঠেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্তরা জানান, তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের চার বন্ধু এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া নিজেদের জমানো টাকা ও ঋণের অর্থ বিনিয়োগ করে কয়েক মাস আগে পুকুরে মাছ চাষ শুরু করেন। মাছ চাষের মাধ্যমে সফল উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন ছিল তাদের। কিন্তু শুক্রবার ভোরে অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে ওঠে।

শুক্রবার সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে মরা মাছ ভেসে থাকতে দেখে উদ্যোক্তাদের বিষয়টি জানান। খবর পেয়ে চার বন্ধু দ্রুত পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, পুকুরের অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে রয়েছে। এ সময় পুকুরের পানিতে তীব্র বিষের গন্ধ পাওয়া যায় বলে জানান তারা। পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

উদ্যোক্তা এবিএম বখতিয়ার ও মুক্তার হোসেন জানান, নিজেদের জমানো টাকা ও ঋণ নিয়ে পুকুরে মাছ চাষে প্রায় ১০ লাখ টাকা খরচ করেছেন তারা। মাছ তুলে বিক্রি করে ঋণ পরিশোধের কথা ছিল তাদের। এরপর কিছু টাকা লাভও হতো। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, মাছ চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ। তরুণরা নিজেদের উদ্যোগে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, যা ইতিবাচক। যুবকদের এমন উদ্যোগকে উৎসাহিত করা সবার দায়িত্ব। এভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা কোনোভাবেই কাম্য নয়। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেব। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, চিকসা গ্রামের একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার খবর পাওয়া গেছে। মাছচাষি বা খামারিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।