ধামরাইয়ে আগ্নেয়াস্ত্রের মুখে চার অটোরিকশা ও ছয়টি ব্যাটারি ডাকাতি

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিং পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের মুখে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি নিয়ে গেছে ডাকাতদল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই ডাকাতি হয়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা চার্জিং পয়েন্টে চার্জে থাকা চারটি অটোরিকশা এবং ছয়টি অটোরিকশার ব্যাটারি লুটে নিয়ে পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।
নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, একদল সশস্ত্র লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিল্লাচিল্লি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। চোখের সামনে সব গাড়ি ও ব্যাটারি নিয়ে চলে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


