মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার

মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাকির গাজীর পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি জানান, আগুনের কারণে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে ভবনের ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।