logo

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত 

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন পটুয়াখালীর ৩৫ গ্রামের ২৫ হাজার মানুষ। 

শুক্রবার (২০ মার্চ) পটুয়াখালীর ৩৫টি গ্রামে ঈদের নামাজ আদায় করেন তারা। এ দিন সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি।

মাওলানা মোহাম্মদ শফিকুল গনি বলেন, ‘ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, পৃথিবীর যে কোনো প্রান্তে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য সংবাদ পাওয়া গেলে সে অনুযায়ী ঈদ উদ্‌যাপন করা শরিয়তসম্মত।’

জানা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা রোজা রাখা শুরু করেন। এরই ধারাবাহিকতায় এক দিন আগে তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। 

জেলার ৩৫ গ্রামের মধ্যে রয়েছে, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর। 

 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।