চট্টগ্রামের টেরিবাজারে আগুন

চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়াতে পারেনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তৌহিদুজ্জামান রাসেল বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার পর পুরো টেরিবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় বিপদ হতে পারত। কারণ পুরো এলাকাটা কাপড়ের মার্কেটের।
নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মো. মাসুম রানা এশিয়া পোস্টকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের কাছে রাত ৯টা ৩২ মিনিটের দিকে সংবাদ আসে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।