ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ‘সচেতনতার ঢাল’ হওয়ার আহ্বান

‘স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের ভূমিকা’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার। অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ পরিবার ও সমাজের সচেতনতার দূত হিসেবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। শিক্ষার্থীরা ক্লাসে অবস্থানকালে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি।’
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি নিজ নিজ পরিবারকে সচেতন করতে পারে, তাহলে ডেঙ্গু পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অতীতে যেভাবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কলেরা জয় করা সম্ভব হয়েছিল, একইভাবে সঠিক পদক্ষেপ নিলে ডেঙ্গুও মোকাবিলা করা সম্ভব।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে এপ্রিল মাস থেকে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’
তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ আয়তনে ছোট হলেও শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিপুল শিক্ষার্থী যদি নিজ নিজ পরিবার ও এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করে, তাহলে দেশের একটি বড়ো জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়বে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ আরও সহজ হবে।’
তিনি দাবি করেন, সময়োপযোগী উদ্যোগের ফলেই এবার ডেঙ্গুর বিস্তার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচএম মাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ও সদস্য সচিব সেলিম রেজা, ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউনুস আহমদ, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব লিমন মোল্লা এবং ছাত্র ইউনিয়নের সংগঠক আরাফাত হোসেন তপুসহ অনন্য বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।





