logo
Advertisement

এমপি হান্নান মাসউদের উদ্যোগে সংসদে হাতিয়ার ১২০ শিক্ষার্থী-শিক্ষক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
হাতিয়া, নোয়াখালী
এমপি হান্নান মাসউদের উদ্যোগে সংসদে হাতিয়ার ১২০ শিক্ষার্থী-শিক্ষক
এমপি হান্নান মাসউদের সঙ্গে হাতিয়ার ১২০ শিক্ষার্থী-শিক্ষক। ছবি : ভিডিও থেকে নেওয়া

টেলিভিশনের পর্দায় নয়, এবার সরাসরি জাতীয় সংসদের অধিবেশন দেখার সুযোগ পেলেন দ্বীপ উপজেলা হাতিয়ার ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষক। এ সময় সংসদে আইন প্রণয়ন, রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় গণতন্ত্রের চর্চা কাছ থেকে দেখার সুযোগ পান অংশগ্রহণকারীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের গ্যালারিতে বসে অধিবেশন প্রত্যক্ষ করেন তারা।

এই প্রতিনিধিদলে সদ্য সমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৬ জন কৃতী শিক্ষার্থী, ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী এবং ১৫ জন শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে হাতিয়ার জাহাজমারা উচ্চবিদ্যালয়, সুখচর মমিনজিয়া উচ্চবিদ্যালয়, চরকিং উচ্চবিদ্যালয়, মাইজদী উচ্চবিদ্যালয়, হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চবিদ্যালয়, হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ হাইস্কুল, আবদুল মোতালেব উচ্চবিদ্যালয় এবং জাহাজমারা নেরাজুল উলুম মাদ্রাসার কৃতী শিক্ষার্থীরা অংশ নেন।

সরাসরি সংসদ কার্যক্রম দেখার অনুভূতি প্রকাশ করে জাহাজমারা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী তাহমিনুল ইসলাম বলেন, টিভি পর্দায় সংসদ অধিবেশন অনেক দেখেছি, কিন্তু স্বচক্ষে জাতীয় সংসদের স্পিকার, সংসদ সদস্য ও মন্ত্রীদের আলোচনা ও যুক্তিতর্ক দেখা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। বইয়ের পাতার চেয়ে সরাসরি সংসদীয় চর্চা দেখার মাধ্যমে আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ধারণা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাতিয়ার সন্তান তাহমিনা আক্তার বলেন, একটি বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল থেকে এসে মহান জাতীয় সংসদের অধিবেশনে সরাসরি উপস্থিতি আমাদের মতো তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তরুণদের রাষ্ট্রভাবনায় আগ্রহী করতে এই উদ্যোগ দারুণ ভূমিকা রাখবে।

জানা গেছে, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার এলাকার মেধা তালিকার শীর্ষে থাকা শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনাবিষয়ক বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের কাছে লিখিত আবেদন জানান। সংসদ সচিবালয়ের অনুমতির পরই শিক্ষক-শিক্ষার্থীরা গ্যালারিতে বসে অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পান।

শিক্ষার্থীদের এই শিক্ষণীয় সফর সম্পর্কে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, ভবিষ্যতেও দ্বীপ অঞ্চল হাতিয়ার তরুণ প্রজন্মকে রাষ্ট্রের মূলধারার সঙ্গে পরিচিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।