খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাড়িওয়ালা পুলিশ হেফাজতে

খুলনা নগরের মিস্ত্রিপাড়ায় ছয় থেকে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বাড়িওয়ালা আল মামুনের বিরুদ্ধে শিশুটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা, মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও দেখানো এবং সর্বশেষ ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, নগরের মিস্ত্রিপাড়ার রোকন উদ্দিন সড়কের একটি বাড়িতে শিশুটির যাতায়াত ছিল। অভিযোগ, এই সুযোগে বাড়িওয়ালা আল মামুন দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করে আসছিলেন। শিশুটিকে ফোনে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে শিশুটি ওই বাড়িতে গেলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়।
ঘটনার পর আতঙ্কিত শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও সেখানে ভিড় করেন। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যক্তিরা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। তবে পুলিশ তাকে হেফাজতে নেওয়ায় পরিস্থিতি আরও বড় ধরনের সংঘাতে গড়ায়নি।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাদের ভয়ভীতি দেখানো হয়েছিল। রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত আল মামুন একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি সেনাবাহিনীতে স্টাফ সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এশিয়া পোস্টকে বলেন, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
