logo

ঈদের রাতে যুবককে কুপিয়ে হত্যা

ঈদের রাতে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ‍বিরুদ্ধে। 

শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেশনাল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোয়াজ্জেম মোল্লা ওই এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মন্টু মিয়ার ছেলে লিটনের সঙ্গে মোয়াজ্জেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা চালায় লিটন ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।