logo
Advertisement

পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু
সোহাগ চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান। মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার (নবীর বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌধুরী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নূর নবী চৌধুরীর ছেলে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানার একটি দল পরোয়ানাভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য নবীর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পড়ে গিয়ে আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

পুলিশের তথ্যমতে, সোহাগ চৌধুরীর বাবা নূর নবী ওরফে ‘নোব্বা চোরা’ একসময় কুখ্যাত বন ও জলদস্যু ছিলেন এবং এলাকায় ‘নোব্বা বাহিনী’ গড়ে তোলেন। ২০১৬ সালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা যান। তার বিরুদ্ধে গুম, খুন, ধর্ষণ ও ডাকাতিসহ ১০০টিরও বেশি মামলা ছিল।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, পরোয়ানাভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সঙ্গে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি। মরদেহ তার স্বজনেরা নিয়ে গেছেন।