Advertisement

যশোরে নারী মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, যশোর
যশোরে নারী মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

বেনাপোলের এক নারী মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পারভীনা বেগম (৪৫) বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মজিদ মোল্যার স্ত্রী। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পারভীনা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ পারভীনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্র জানায়, মামলার বিচার চলাকালে জামিনে মুক্তি পাওয়ার পর পারভীনা বেগম আত্মগোপনে চলে যান। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

বিষয় :