শাশুড়ির কোলে তিন মাসের শিশু, পরীক্ষা হলে পুত্রবধূ

শেরপুরে তিন মাস বয়সি এক কন্যাসন্তানকে শাশুড়ির কোলে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন জুঁই আক্তার নামের এক শিক্ষার্থী।
সোমবার (৬ জুলাই) শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে এই হৃদয়ছোঁয়া দৃশ্য দেখা যায়, যা উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।
পরীক্ষার্থী জুঁই আক্তার শেরপুর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে তার তিন মাস বয়সি কন্যাসন্তান সাইদা ফাতিহাকে কোলে নিয়ে অপেক্ষা করছিলেন শাশুড়ি সুফিয়া বেগম। পুত্রবধূ যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সেই জন্যই শিশুটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
সুফিয়া বেগম বলেন, ‘আমার ইচ্ছা আমার ছেলের বউ পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবে। মা শিক্ষিত হলে তার সন্তানেরাও শিক্ষিত হবে। তাই সংসারের কাজের চেয়ে আমি ওর পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিই।’
তিনি জানান, জামালপুর সদরের কামালপুর এলাকার বাসিন্দা তার ছেলে আব্দুর রহমানের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয় এসএসসি পরীক্ষার আগেই। তবে বিয়ের পরও কখনো পুত্রবধূর পড়াশোনায় বাধা দেননি। বরং সংসারের দায়িত্ব ভাগ করে নিয়ে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে সব সময় উৎসাহ দিয়েছেন।
পরীক্ষার্থী জুঁই আক্তার বলেন, ‘আমার শাশুড়ি সব সময় আমাকে সাহস দিয়েছেন। আজ তিনি আমার শিশুকে দেখাশোনা করছেন বলেই আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারছি। তাঁর সহযোগিতা না থাকলে এত দূর আসা সম্ভব হতো না।’




