logo
Advertisement

সাঙ্গু নদীতে তীব্র স্রোত, বান্দরবানে আটকা শতাধিক পর্যটক

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
সাঙ্গু নদীতে তীব্র স্রোত, বান্দরবানে আটকা শতাধিক পর্যটক
টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি। ছবি : সংগৃহীত

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে যাওয়া প্রায় ১২০ জন পর্যটক আটকে পড়েছেন।

Advertisement

সোমবার (৬ জুলাই) নদীতে তীব্র স্রোতের কারণে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় তারা সেখানে অবস্থান করছেন। বর্তমানে সবাই নিরাপদে রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে থানচির বিভিন্ন পর্যটন স্পটে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নতুন পর্যটকদের ওই সব এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

পানি বৃদ্ধি পাওয়ায় থানচির বিভিন্ন পর্যটন স্পটে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছবি : এশিয়া পোস্ট কোলাজ
পানি বৃদ্ধি পাওয়ায় থানচির বিভিন্ন পর্যটন স্পটে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

আটকা পড়া পর্যটকদের সঙ্গে থাকা স্থানীয় গাইড মো. মামুন জানান, সাঙ্গু নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পর্যটকেরা নির্ধারিত সময়ে বান্দরবান শহরে ফিরতে পারছেন না।

তিনি বলেন, তিন্দু ইউনিয়নের নাফাখুম এলাকায় প্রায় ৭০ জন এবং রেমাক্রী ইউনিয়নে আরও প্রায় ৫০ থেকে ৬০ জন পর্যটক অবস্থান করছেন। নদীর পানির স্রোত ও উচ্চতা বেড়ে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না। তবে সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এশিয়া পোস্টকে বলেন, পর্যটক আটকে থাকার বিষয়টি আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। যদি কেউ আটকে পড়ে থাকেন, তাহলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতা এবং প্রয়োজনীয় উদ্ধারকারী দলের মাধ্যমে তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।