নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ মোতায়েন কার্যক্রম শুরু করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেলার ৫টি সংসদীয় আসনের অধীনে ৮টি উপজেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় ১০ প্লাটুনসহ সর্বমোট ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনি এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন।
এ সময় তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোবাস্ট পেট্রোলিং (শক্তিশালী টহল), অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল দেবে বিজিবি।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সংবিধান ও আইনের আলোকে তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।