বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে, এই বিএনপিই করতে বাধ্য হবে। তারা পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১০টায় গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন জামায়াতের আমির। ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে এই পথসভার আয়োজন করা হয়।
জামায়াত আমির বলেন, আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলেন। কিন্তু, সরকার সেটি বাস্তবায়ন না করে অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা এসেছি।
তিনি বলেন, আজকের লংমার্চ সব জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে। আমাদের এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশটাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে। আমাদের এই লংমার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য। আমাদের এই লংমার্চ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য। সরকারকে আমরা বলছি, আজ আমরা ৮ দফা দাবি নিয়ে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিনত হতে পারে।
পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মওলানা মামনুন হক, এলডিপির সভাপতি কর্ণেল অলী আহমেদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।


