logo

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত
হতাহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২০ মে) রাত ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া-আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সূচনা বেগম (২৮) সদর উপজেলার সাপমারী এলাকার হোসাইন মিয়ার স্ত্রী। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। আর আহতদের মধ্যে রয়েছেন সদরের চান্দেরনগর এলাকার আলতাফ আলীর ছেলে সুজন মিয়া, কামারিয়া এলাকার সামিদুল হকের ছেলে আব্দুল কাদের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে সদরের তারাকান্দি থেকে শেরপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি হাওড়া-আমতলা এলাকায় পৌঁছালে শেরপুর থেকে নকলাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি এবং ঘটনাস্থলেই সূচনাসহ দুজন নিহত হন। আর গুরুতর আহত হন তিনজন।

পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, কিছু লোক মহাসড়কে ধান ও খড় শুকানোর জন্য নেড়ে দেয়। যার ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. উৎপল হাসান বলেন, পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত এবং তিনজনকে আহত অবস্থায় পাই। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, নিহত দুজনের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও পুরুষের পরিচয় এখনো পাওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ড্রামট্রাক ও চালককে ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।