logo
Advertisement

আসামির মৃত্যুদণ্ড বহাল/রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার, দ্রুত কার্যকরের দাবি

এশিয়া পোস্ট নিউজ,মাগুরা
রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার, দ্রুত কার্যকরের দাবি
রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আছিয়ার মা আয়েশা বেগম। সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলায় আছিয়ার বাড়িতে। ছবি: এশিয়া পোস্ট

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতে বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

Advertisement

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা দেন।

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে আছিয়ার মা আয়েশা বেগম বলেন, ‘হাইকোর্ট আমার মেয়ের হত্যাকারীর মামলার রায় দিয়েছেন। মাগুরার আদালত খুনির ফাঁসির রায় দিছিল। হাইকোর্টও সেই রায় বহাল রেখেছেন। এই রায় শুনে আমার পরানডা শান্তি পেয়েছে। সরকারের কাছে আমার দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর হয়। তাহলে আমার মনও শান্তি পাবে।’

মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলায় গত বছরের মার্চে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন অচেতন থাকার পর ১৩ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর ৮ মার্চ আছিয়ার মা আয়েশা বেগম মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন।

দ্রুত বিচার শেষে গত বছরের ১৭ মে এ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে শিশু আছিয়ার বড় বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় মাগুরাসহ সারা দেশে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। শিশু আছিয়া হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার পক্ষ থেকেও আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

আসামি হিটু শেখের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিষয় :