logo

ফরিদপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

ফরিদপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

ফরিদপুরের সালথা উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে সংঘর্ষের উদ্দেশ্যে মজুত রাখা ৭টি ঢাল ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার খারদিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। 
আটক ব্যক্তিরা হলেন— মো. ইমামুল (২১) ও মো. তুহিন (১৯)।

সেনা সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) খারদিয়া ও ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে পরদিন সকালে উভয় পক্ষ প্রতিশোধমূলক সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ঢাল-সরকি নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় খারদিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ধারালো অস্ত্র, লাঠিসোঁটা এবং ঢাল।

এ সময় সংঘর্ষের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের ভাষ্য, পূর্বের বিরোধকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা ছিল।

এদিকে ঘটনার পর থেকে খারদিয়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী টহল বৃদ্ধি করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।