এনসিপি নেতা ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার পর পাবনা ২ আসনে এসে সাংবাদিক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
মুহাম্মাদ আসাদুল্লাহ হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্বে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। একটি পারিবারিক ও হয়রানিমূলক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমরা বিস্মিত। তার দ্রুত মুক্তি চাই।’
তবে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, মুহাম্মাদ আসাদুল্লাহ একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
.png)





