বিকল্প সড়ক ও সরাসরি রেললাইনে বদলে যাবে উত্তর কুমিল্লা: এমপি মনিরুল

ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়ক ও সরাসরি রেললাইন নির্মাণ হলে উত্তর কুমিল্লার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক চিত্রও বদলে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা ভাষাসৈনিক অজিতগুহ কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণ হলে অবহেলিত উত্তর কুমিল্লার দিগন্ত পাল্টে যাবে। এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এ সড়ক ব্যাপক ভূমিকা রাখবে। পাশাপাশি ব্যস্ততম ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপও কমবে।
কুমিল্লার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কুমিল্লার সঙ্গে সরাসরি রেললাইন স্থাপনের দাবি তার দীর্ঘদিনের আন্দোলনের অংশ। বাজেটে সরাসরি রেললাইন নির্মাণের বিষয়ে অনুমোদন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই এর কাজ দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, ঢাকা–কুমিল্লা সরাসরি রেললাইন চালু হলে রাজধানীটাই যেন কুমিল্লায় চলে আসবে। কুমিল্লার মানুষ ঢাকায় গিয়ে অফিস-আদালতের কাজ করে আবার কুমিল্লায় ফিরতে পারবেন। এতে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সাহরীয়ার আকতার, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

