logo

ধামরাই উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাই উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: এশিয়া পোস্ট

দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ ও মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায়ও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে মাঠে ছিল ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ম্যাচটি।