logo

মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে একটি নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট-সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি। রোববার (৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল।

নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন বলেন, শনিবার বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পড়েন। 

মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যান।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

চর এককরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, নিখোঁজদের উদ্ধারে নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশি অভিযান চলমান রয়েছে।