logo

সুন্দরবন থেকে অস্ত্রসহ জলদস্যু আটক

সুন্দরবন থেকে অস্ত্রসহ জলদস্যু আটক

সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকা থেকে দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

পরে আব্দুল হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে একটি একনলা বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড জানায়, আটক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে সুন্দরবনের জলদস্যু দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত। তিনি বাহিনীটির জন্য অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য রসদ সরবরাহ করতেন।