অবৈধভাবে সার মজুত, কুড়িগ্রামে দুই ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা প্রশাসন জানায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্স-এর দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও সাত বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুত করায় প্রতিষ্ঠানটির মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।
কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্স-এর দোকানে অভিযান চালিয়ে নয় বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার, পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
ইউএনও অমৃত দেব নাথ বলেন, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে সার মজুত করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করে আসছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
তিনি আরও জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকার নির্ধারিত দামে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি দেওয়া হবে।



