জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া চিকিৎসককে বদলি

জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে পাঁচ বছরের শিশু আলিফা। ওই শিশুকে কুকুরের ভ্যাকসিন দেন দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা আবু ইউসুফ। ঘটনার পর রোগীর স্বজনদের অভিযোগে আবু ইউসুফকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান। স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে অভিযুক্ত আবু ইউসুফকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়েছে।
জানা গেছে, গত ৮ এপ্রিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের শিশু আলিফাকে ভুল করে অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ। এ ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে স্বজনরা শাহরাস্তি প্রেস ক্লাবে এসে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাটি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে এলে ১৫ এপ্রিল তাকে বদলি করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।