গাইবান্ধায় গোপনে ছয় ঘোড়া জবাই, বিক্ষুব্ধ জনতার হামলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইস মিলের পরিত্যক্ত চাতালের কক্ষে গোপনে ছয়টি ঘোড়া জবাই করা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ছয়জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
শুক্রবার (১২ জুন) বিকেলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকালের উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এ ঘটনা ঘটে।
আটকরা হলেন মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানান, জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে পাচার করার চেষ্টা করছিলেন কয়েকজন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে হামলা চালায়। বিক্ষুব্ধরা চাতালের টিনের বেড়া ভাঙচুর করে ভেতরে প্রবেশ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুর রহমান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ও সদস্য নুরুন্নবী প্রধানসহ অনেকে।
সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করার পর ইউএনও মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ছয়জনকে আটক করা হয়েছে।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
