নিখোঁজের ৫০ দিন পর প্রতিবেশীর রান্নাঘরে মিলল বৃদ্ধের লাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পাওয়া গেছে বৃদ্ধের এক প্রতিবেশীর রান্নাঘরের মাটির প্রায় ৮ থেকে ১০ ফুট নিচে পুঁতে রাখা অবস্থায়।
বুধবার (১ জুলাই ) ভোরে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটকরা হলেন, চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর ছেলে মানিক বেপারী, মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন, মমিন আলীর ছেলে রিপন ও রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আওলাদ হোসেন দুটি বিয়ে করেছিলেন। পারিবারিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় মামলা করেন। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের খবর প্রচার করা হয়।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর তদন্ত শুরু করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে আওলাদ হোসেনের প্রতিবেশী খায়ের বেপারীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে খায়ের বেপারীর রান্নাঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আওলাদ হোসেন ও খায়ের বেপারী সম্পর্কে ভাইরা ভাই।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আওলাদ হোসেনকে হত্যা করা হয়েছিল।






