রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, ব্যাগে পরিচয়পত্র-স্মার্টফোন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, ‘মো. মিজান’ ও ‘হা মিম গ্রুপ’ লেখা একটি পরিচয়পত্র এবং একটি স্মার্টফোন পাওয়া যায়।
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, সেতুর নিচের দুই পাশ নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহ ভেসে আসার সুযোগ নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। তবে অন্য কোনোভাবেও ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
