নির্বাচনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানালেন শিশির মনির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি সমাবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি।
জানা যায়, দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ও সিপিবির প্রার্থী অ্যাড. নিরঞ্জন দাস খোকনকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন শিশির মনির।
আগামী ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লা উপজেলার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে গণসমাবেশ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনি প্রতিযোগিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক চর্চা ও মতপ্রকাশের সুযোগ তৈরি করাই এই গণসমাবেশের উদ্দেশ্য। এ কারণে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সিপিবির প্রার্থী অ্যাড. নিরঞ্জন দাস খোকন বলেন, সমাবেশের কথা উল্লেখ করে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন শিশির মনির। কিন্তু আদর্শিক ভাবনা এক না হওয়ায় সমাবেশে যাওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধের আদর্শিক বিষয় থাকলে সেখানে উপস্থিত থাকতাম।
এ বিষয়ে সুনামগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নাছির চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠজন দিরাই উপজেলা বিএনপি নেতা রৌদ্র মিজান বলেন, নাছির চৌধুরী এমন কোনো চিঠি পাননি। শিশির মনির দাওয়াত দিতেই পারেন। মুক্তিযুদ্ধবিরোধী কোনো ব্যক্তির দাওয়াতে আমরা অংশ নেব না।
জামায়াতে ইসলামীর প্রার্থী আইনজীবী শিশির মনির বলেন, সহনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে নির্বাচনি সমাবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি জনসভায় তারা উপস্থিত হবেন।