শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। আমার মতে, এটি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কারণ, শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই, সবাই এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি করা। মানুষকে বারবার জানাতে হবে যে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করে তুলতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে পারলেই তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে; আর তবেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।
উক্ত সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ও জেলা প্রশাসক রফিকুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
.png)






